কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর অভিযোগ, প্রত্যেক ডিলারের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে ডিলারশিপ দেওয়া হয়েছে। তবে অভিযোগটি ভিত্তিহীন দাবি করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া শহরের জগতি সুগার মিলের গেটের সামনে মিলটি চালুর দাবিতে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, প্রত্যেকটি ডিলারের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে সেগুলো বিক্রি করা হয়েছে। আমাদের আইওয়াশ করা হয়েছে। আমার আসনে ১৪টি সারের ডিলার আছে, ১৪টিই বিক্রি হয়ে গেছে। এর সঙ্গে যারা জড়িত আছে, তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিশেষ করে সভাপতি, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান যিনি আছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
সংসদ সদস্যের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, মাননীয় সংসদ সদস্যের অভিযোগ ভিত্তিহীন। শতভাগ সততার সঙ্গে কমিটি দায়িত্ব পালন করেছে। তিনি অভিযোগ প্রমাণ করতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











