জয়পুরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আমানুল্লাহ আমান (১৯) নামের এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্মমহাসচিব মামুনুল হক ও মাওলানা রফিকুল ইসলামকে নিয়ে আক্কেলপুরের গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তার এ পোস্টে আমানুল্লাহ আমান নামের আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরবর্তীতে এ মন্তব্যটি ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় একইদিন রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ কালাই থানায় বাদী হয়ে অভিযোগ করেন।












