spot_img
spot_img

আ.লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপিকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেশে এখনো শান্তি ফিরে আসছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

তিনি বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। আগে যারা অর্থ পাচার করেছিল, এখন তাদের জায়গায় নতুন অর্থ পাচারকারীরা এসেছে।

তিনি আরও বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য বেড়েছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ