spot_img
spot_img

আমেরিকায় স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪

আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স ৫, ৮ ও ১১ বছর। এ ঘটনায় ৭ বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলভার রেল প্রাথমিক বিদ্যালয়ে এ হামলা হয়। পুলিশ জানায়, ১৬ বছর বয়সী এক কিশোর গুলি চালিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। পরে একজন স্থানীয় ব্যক্তি তার পিছু নিয়ে বিদ্যালয়ের ভেতরে গিয়ে তাকে গুলি করেন। হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে প্রথম জরুরি ফোন আসে। এতে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর কথা জানানো হয়। এরপর বিদ্যালয়ের ভেতরে হামলার খবর আসে। দুপুর ১টা ২ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে মৃত অবস্থায় পায়।

হামলার পর পুলিশ বিদ্যালয়ের প্রতিটি কক্ষ তল্লাশি করে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে বের করে আনে। পরে তাদের কাছের একটি গির্জায় নিয়ে গিয়ে স্বজনদের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করা হয়।

ওরেগনের গভর্নর টিনা কোটেক হামলাকারীকে থামাতে এগিয়ে আসা স্থানীয় ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছেন। এদিকে এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তে সহায়তা করছেন।

ঘটনার কারণ ও হামলাকারীর বিদ্যালয়ের সঙ্গে কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: রয়টার্স, ওরেগন পাবলিক ব্রডকাস্টিং

spot_img
spot_img
spot_img

সর্বশেষ