কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে বাংলাদেশ পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো-ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।
পরে সীমান্ত এলাকায় থাকা কয়েকজন ভারতীয় নাগরিক কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করেন। তাঁকে উদ্ধারের জন্য এএসআই ইমরান হোসেন এগিয়ে গেলে তাঁকেও আটক করা হয়। পরে ভারতীয় নাগরিকরা দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করেন। এরপর বিএসএফ তাঁদের নিয়ে যায়।
ওসি মো. ফারুক হোসেন বলেন, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।











