কাবুলে ইমারাতে ইসলামিয়ার গোয়েন্দা বিভাগের পরিচালক মাওলানা আবদুল হক ওয়াসিকের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার পরিচালক সের্গেই নারিশকিন। তবে সফরের উদ্দেশ্য ও বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কাবুল ও মস্কোর কর্মকর্তারা এখনো বিস্তারিত কিছু জানাননি।
ইমারাতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ের কারিগরি বিষয়ক উপমন্ত্রী মাওলানা আবদুল লতিফ নাজারি বলেন, কাবুল ও মস্কোর সম্পর্ক সম্প্রসারণ দুই দেশ ও বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় রাশিয়া একটি ভূরাজনৈতিক শক্তি হিসেবে শক্তিশালী ও প্রভাবশালী অবস্থানে রয়েছে। আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়ন দুই দেশের অভিন্ন স্বার্থে কাজ করতে পারে এবং নতুন আঞ্চলিক ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে ভারত-রাশিয়ার বিশেষ পরামর্শের সপ্তম দফার বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুর এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপসচিব আলেক্সান্ডার ভেনেদিকতোভ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর এসব বিষয়ের প্রভাব নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ভারত-রাশিয়ার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্বের কাঠামোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
গত এক মাসে তুরস্ক ও কাতারের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাও আফগানিস্তান সফর করেছেন। এরপর তুরস্কের গোয়েন্দা প্রধান পাকিস্তান সফর করেন। এসব সফর আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাবুল ও ইসলামাবাদের ক্রমবর্ধমান নিরাপত্তা ও গোয়েন্দা যোগাযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
সূত্র : টোলো নিউজ











