লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে বিএসএফ পুশইনের চেষ্টা থেকে সরে যায়।
বর্তমানে ওই ১২ জন সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।











