দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও নানা প্রতিকূলতার মধ্যে দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন শুধু জাতীয় পর্যায়েই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা শীতের প্রকোপসহ প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও জিয়াউর রহমান ফাউন্ডেশন তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে অনলাইন সায়েন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার মানুষকে কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো অসংখ্য মানবিক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।











