রাজনীতির মূল লক্ষ্য যদি জনকল্যাণ হয়, তবে সেই কল্যাণের সবচেয়ে সুন্দর রূপ মানুষের সেবায় দেখা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত সাধারণ মানুষ, চিকিৎসাপ্রার্থী ও সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হেলথ ক্যাম্প বা এই ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, গত দুই বছর ধরে তারা এমন কার্যক্রম চালিয়ে আসছেন। এবার তাদের তৃতীয় বছর। বিগত সময়ে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিকূলতার কারণে মানবিক কাজগুলো স্বাধীনভাবে করা সম্ভব হয়নি।
তিনি বলেন, গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি। শুধু কলমাকান্দা নয়, দুর্গাপুর, নাজিরপুর, লেঙ্গুরা, গাওকান্দিয়াসহ বিভিন্ন জায়গায় এই ক্যাম্প চলমান রয়েছে।
চক্ষু শিবির শুধু ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এর পেছনে বড় ধরনের লজিস্টিক ও ব্যবস্থাপনা রয়েছে। গত বছর কলমাকান্দা ও দুর্গাপুর মিলিয়ে আনুমানিক সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
এবারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। বরাবরের মতোই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই-তিন দিন রেখে অপারেশন শেষে আবার আমাদের দায়িত্বে প্রতিটি রোগীকে তাদের নিজ বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসা, পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।











