মাদক সমাজকে শেষ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেছেন, অস্ত্রটি না থাকলে ভালো হতো। তবে মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে অংশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়। ইশরাক হোসেনের উদ্দেশ্য ভালো হলেও অন্যরা এর অপব্যবহার করতে পারে। তবে তার কাজের সমালোচনা করার কিছু নেই।
মাদক নিয়ে জামায়াত আমির বলেন, “মাদক তো আমরা নির্মূল চাই। আমাদের সংসদে আইন পাস হয়েছে ‘মাদক নিয়ন্ত্রণ’। আমরা তো নিয়ন্ত্রণ চাই না, আমরা নির্মূল চাই।”
তিনি বলেন, “মাদক সমাজকে শেষ করে ফেলতেছে। ইশরাক হোসেনের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, এতটুকু। তার কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে সরকার বিরোধী দলকে ঘায়েল করতে ব্যস্ত।











