spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বয়কটের দাবি ব্রিটিশ এমপির

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা ও দমন-পীড়নের প্রেক্ষাপটে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক বয়কটের দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি জন ম্যাকডোনেল। ব্রিটিশ সরকারের নেতৃত্বেই এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেইস অ্যান্ড হার্লিংটনের লেবার পার্টির এমপি জন ম্যাকডোনেল বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে আরেকটি গাজ্জায় পরিণত করার প্রক্রিয়া শুরু করেছেন। এ অবস্থায় ব্রিটিশ সরকারকে পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, এই বার্তা দিতে হবে যে গণহত্যার এই বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে ব্রিটেনকে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার নেতৃত্ব দিতে হবে।

ম্যাকডোনেলের এ বক্তব্য আসে অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক দমনমূলক পদক্ষেপের খবরের পর। এর আগে হেবরনের কাছে একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং তিনজন আহত হন।

এরপর শুক্রবার হেবরন সফরের সময় নেতানিয়াহু বলেন, অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী। এতে ফিলিস্তিনিদের নিজ নিজ এলাকা থেকে বাস্তুচ্যুত করা এবং বাড়িঘরে তল্লাশির পরিকল্পনার কথাও বলা হয়।

এর আগে চলতি মাসে আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকডোনেল ব্রিটিশ সরকারের ইসরাইলবিরোধী পদক্ষেপ আরও কঠোর করার দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসরাইলি বসতিগুলোর বিরুদ্ধে সীমিত নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। ইসরাইলের বিরুদ্ধে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ, বাণিজ্য বন্ধ এবং ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ