spot_img
spot_img

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফেরায় বাধা নেই: ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই। তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্টদের একটি ক্লাব’ উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ফলাফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে।

বাংলাদেশকে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমীর।

সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৪ সালের চেতনা বাস্তবায়নের পথে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদের পথে এগিয়ে বিএনপিও আওয়ামী লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে।

জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে দলটি আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ