নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উচিত শিক্ষা দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অশান্ত ও অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে। বিরোধী দলের উদ্দেশ্যে দুলু বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ এই আন্দোলনের সুযোগ নিতে পারে। আন্দোলনে পড়ে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে।
তিনি বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে। আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি। ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দেবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দেবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেবেন না।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা ও তাঁর দলের নেতাকর্মীরা দুর্বলতা ভেবে ‘আসবে, আসবে’ বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা কোনো বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।











