মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের স্পিকার আবদুল রাহিম আবদুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বৈঠকে দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালেতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। আলোচনায় মালদ্বীপের পিপলস মজলিসে একটি ‘বাংলাদেশ-মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব বিশেষ গুরুত্ব পায়।
দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এ প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার এতে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলে।
তিনি বলেন, প্রস্তাবিত বন্ধুত্ব গ্রুপ বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের পরিপূরক হিসেবে কাজ করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জনকল্যাণ ও শ্রম অভিবাসনের মতো ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।
সাক্ষাৎকালে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ এবং দেশটির অর্থনীতিতে তাদের অবদানের কথাও তুলে ধরেন হাইকমিশনার।
জবাবে স্পিকার আবদুল রাহিম আবদুল্লা মালদ্বীপের অর্থনীতি সচল রাখা ও দেশটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎ শেষে দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী স্মারক উপহার বিনিময় করা হয়।











