পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খান সুলেমান দাউদের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
কোয়েটা পুলিশ সদর দপ্তরের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার থেকে কালাত যাওয়ার পথে মহাসড়কে শাহজাদা আহমেদজাইয়ের গাড়ি থামায় একদল সশস্ত্র ব্যক্তি। পরে শাহজাদা আহমেদজাই ও তার সঙ্গে থাকা তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর পুলিশ, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহৃত চারজনকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। তাদের বর্তমান অবস্থান বা অপহরণের পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঐতিহাসিকভাবে সাবেক কালাত খানাতের শাসকদের ‘কালাতের খান’ উপাধিতে ভূষিত করা হতো। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কালাতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দেশীয় রাজ্যটি ব্রাহুইদের নেতৃত্বাধীন ছিল। কালাতের বর্তমান খান সুলেমান দাউদ যুক্তরাজ্য ও ওয়েলসে বসবাস করছেন।
বেলুচিস্তানের মানুষের রাজনৈতিক ঐক্য গঠন, সার্বভৌম পরিচয় ও সাংস্কৃতিক গৌরব প্রতিষ্ঠায় কালাতের খান পরিবারের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ কারণে বেলুচিস্তানের মানুষের কাছে পরিবারটি বিশেষভাবে শ্রদ্ধেয় বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন











