জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রায়ে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড এবং সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে চার আসামির অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলায় আসামিদের বিরুদ্ধে আন্দোলন দমনে উসকানিমূলক রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন, ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষ মামলায় উসকানি, নির্দেশ, ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিভিন্ন প্রমাণ উপস্থাপন করে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রায়কে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের রায় সময়োপযোগী।
এর আগে গত ৭ অক্টোবর চার আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয় এবং ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।











