অন্যরকম উদ্যোক্তা এবং সিঙ্গাপুরভিত্তিক গ্লোবাল থিংক ট্যাংক ও স্টার্টআপ অ্যাক্সিলারেটর লেগাসি ভেঞ্চারস গত ২ নভেম্বর বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের প্রথম এআই কোচ অ্যাপ ‘লেগাসি ফাউন্ড্রি’ উদ্বোধন করেছে। পণ্যটির পেছনে রয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী অন্যরকম গ্রুপ।
সোমবার (২ নভেম্বর) ঢাকার বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস। অনুষ্ঠানের হোস্ট ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, রিস্টার্ট ইয়োরসেলফের সিইও জাভেদ পারভেজ, অনন্যর সিইও ফাহিম আবদুল্লাহ, টেক কেয়ারের সিইও সোলেহিন ইসলাম সাগর এবং কাহাফের সিইও নিজাম উদ্দিন। অন্যরকম উদ্যোক্তা অ্যাক্সিলারেশন প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ও অ্যালামনাইরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যেভাবে কাজ করবে লেগাসি ফাউন্ড্রি
লেগাসি ফাউন্ড্রি এমন একটি ধারণার ওপর তৈরি, যেখানে পরামর্শের পাশাপাশি ব্যবহারকারীর নিয়মিত জবাবদিহির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারী প্রথমে নিজের একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং নিজের ব্যবসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেন। এরপর তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এআই কোচের সঙ্গে সেশনের সময় নির্ধারণ করেন।
প্রতিটি সেশনে এআই কোচ ব্যবহারকারীকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়, সেদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করতে বলে এবং কোন কাজগুলো সম্পন্ন করবেন, তা ঠিক করতে সহায়তা করে। এর মাধ্যমে ব্যবহারকারী প্রতিদিন নিজের কাজ ও লক্ষ্যের প্রতি একটি নির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। নির্ধারিত কোনো সেশন মিস করলে সেটি বন্ধ হয়ে যায় এবং পরে আর ফিরে পাওয়ার সুযোগ থাকে না।
অ্যাপটির এআই কোচ নিজে কোনো পরামর্শ দেয় না। তবে যাঁরা কোনো বিষয়ে দিকনির্দেশনা চান, তাঁরা অ্যাপের এআই মেন্টরদের সাহায্য নিতে পারেন। এসব এআই মেন্টর গ্রোথ, ফিন্যান্স ও ব্র্যান্ডিংয়ের মতো বিষয়ে সহায়তা করে।
এ ছাড়া অ্যাপটি ব্যবহারকারীর অভ্যাস, কাজের ধারাবাহিকতা, লক্ষ্যের অগ্রগতি এবং প্রতিদিনের প্রতিশ্রুতি পূরণ হয়েছে কি না, তা ট্র্যাক করে। এতে বাংলা ও ইংরেজিতে চ্যাট করা যায়।
লেগাসি ফাউন্ড্রি সম্পর্কে
লেগাসি ফাউন্ড্রি একটি এআই কোচ অ্যাপ, যা নির্ধারিত কোচিং সেশন, এআই মেন্টর এবং অগ্রগতি ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের নিজেদের লক্ষ্যের প্রতি জবাবদিহিমূলক থাকতে সহায়তা করে। অন্যরকম উদ্যোক্তা ও লেগাসি ভেঞ্চারস অ্যাপটি উদ্বোধন করেছে এবং এর পেছনে রয়েছে অন্যরকম গ্রুপ।
লেগাসি ফাউন্ড্রি বর্তমানে গুগল প্লেতে পাওয়া যাচ্ছে। অ্যাপল অ্যাপ স্টোরের সংস্করণ শিগগিরই আসছে। অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে লেগাসি ফাউন্ড্রির ওয়েবসাইটে।
লেগাসি ভেঞ্চারস
লেগাসি ভেঞ্চারস একটি গ্লোবাল থিংক ট্যাংক ও স্টার্টআপ অ্যাক্সিলারেটর, যা বিশ্বজুড়ে মূল্যবোধভিত্তিক উদ্যোক্তা সংস্কৃতিকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশে অন্যরকম উদ্যোক্তার পেছনের দলের হাতে গড়া এই প্রতিষ্ঠানে উদ্যোক্তা, বিনিয়োগকারী, লাইফ কোচ ও বিজনেস মেন্টরদের এক জায়গায় নিয়ে আসা হয়।
এর মাধ্যমে প্রভাব সৃষ্টিকারী ও টেকসই স্টার্টআপ এবং এসএমইর প্রতিষ্ঠাতারা যেখানেই কাজ করুন না কেন, এমন সহায়তা পান যা সাধারণত এক জায়গায় পাওয়া যায় না।
অন্যরকম গ্রুপ
অন্যরকম গ্রুপ ঢাকাভিত্তিক একটি শিল্পগোষ্ঠী। শিক্ষা, প্রযুক্তি, ইলেকট্রনিক্স উৎপাদন, ই-কমার্স ও প্রকাশনা খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা বিস্তৃত।











