দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি একটি বিস্তৃত সরকার গঠনের বিষয়ে আলোচনায় রাজি। তবে প্রধানমন্ত্রী পদে তাকেই থাকতে হবে বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু বলেন, লিকুদ আমাদের অংশীদারদের পাশাপাশি এমন যেকোনো দলের সঙ্গে একটি বিস্তৃত সরকার গঠন করতে চায়, যারা এতে অংশ নিতে আগ্রহী এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
তিনি আরও বলেন, এ বিষয়ে সংলাপ করতে আমি প্রস্তুত।
নেতানিয়াহু দাবি করেন, ইসরাইলের জনগণ এমন কোনো সরকার চায় না, যা রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল। দুটি আরব সংসদীয় জোটের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রথম দিন থেকেই একটি বিস্তৃত জাতীয় সরকার গঠনের জন্য আমাদের হাত বাড়ানো রয়েছে।
এদিকে, গত সপ্তাহের সংসদীয় নির্বাচনের পরও প্রধানমন্ত্রী পদে থাকার জন্য জনসমর্থনের ম্যান্ডেট রয়েছে বলে দাবি করেছেন নেতানিয়াহু।
তিনি বলেন, ইহুদি জনগণের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদকে সবচেয়ে বড় দল হিসেবে এবং পরবর্তী সরকার পরিচালনার জন্য আমাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ পার্টি, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আভিগদোর লিবারম্যানের ‘ইসরাইল বেইতেনু’ সিদ্ধান্ত নিয়েছে, তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকোটকে দেওয়ার সুপারিশ করবে।
বিরোধী দলগুলোর এই সমর্থনের ফলে আইজেনকোট ৪৮ জন আইনপ্রণেতার সমর্থন পাচ্ছেন। দুটি আরব সংসদীয় জোটও আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ১২০ সদস্যের নেসেটে তার সম্ভাব্য সমর্থন বেড়ে ৬৭ জন আইনপ্রণেতায় দাঁড়াতে পারে।
গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। এর বিপরীতে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে কোনো জোটই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
তবে হারজোগের কাছে কোনো আইনপ্রণেতার পক্ষে দেওয়া সুপারিশ সরকার গঠনের নিশ্চয়তা দেয় না। লিবারম্যান এমন কোনো সরকারে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন, যেখানে আরব দলগুলো থাকবে অথবা তাদের সংসদীয় সমর্থনের ওপর সরকার নির্ভরশীল হবে।
বুধবার থেকে হারজোগ সংসদীয় দলগুলোর সঙ্গে দুই দিনের পরামর্শ শুরু করবেন। এরপর তিনি পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন আইনপ্রণেতাকে বেছে নেবেন।
সূত্র : আল-জাজিরা, দ্য জেরুজালেম পোস্ট, এপি, আনাদোলু এজেন্সি











