যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষে তাঁর বিজয় নিশ্চিত হয়। বুধবার (৪ নভেম্বর) ভোরে ডেট্রয়েটে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিজয়ের জন্য তাঁদের ধন্যবাদ জানান সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা।
সমর্থকদের উদ্দেশে এল-সায়েদ বলেন, আপনারা এমন একজন প্রার্থীর ওপর আস্থা রেখেছেন, যার জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে কম। আপনাদের সেবা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
নির্বাচনী প্রচারণায় নিজের নাম ও মুসলিম ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমণের সমালোচনা করে এল-সায়েদ বলেন, দীর্ঘদিন পর আমরা এমন এক নোংরা প্রচারণা দেখলাম, যেখানে তারা আমার নাম ও ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে আমাকে আক্রমণ করেছে।
তিনি আরও বলেন, তারা এমন এক আমেরিকা চেয়েছিল, যা আমাদের অনেকের জন্যই সংকীর্ণ। কিন্তু আমরা জানি, এই আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।
অন্যদিকে, পরাজয়ের আগে ভোটের ফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। সমর্থকদের বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, আমাদের জেতার পথ এখনো খোলা আছে। আপনারা বাড়ি গিয়ে একটু ঘুমান। ঘুম থেকে ওঠার পর দেখবেন, আপনারা বিজয়ী হয়েছেন।
এদিকে, মিশিগানের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোসেলিন বেনসন জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির গভর্নর পদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণেই থাকছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, ফক্স ২ ডেট্রয়েট,











