এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে তিনি মোংলায় পৌঁছান। এ সফরে মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
মোংলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। একই সঙ্গে দেশের সামুদ্রিক বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যবস্থায় নতুন গতি সঞ্চারের আশা করা হচ্ছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং অবকাঠামো ও শিল্প উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনায় যাবেন তিনি।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচির মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে।
নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।











