spot_img
spot_img

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হন।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ