spot_img
spot_img

ভারতে অবস্থান করতে উপযুক্ত শ্রেণির ভিসা নিতে হবে আফগান হিন্দু ও শিখদের

বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করা আফগান হিন্দু ও শিখদের দেশটিতে অবস্থান অব্যাহত রাখতে উপযুক্ত শ্রেণির ভিসা নেওয়া বাধ্যতামূলক করেছে ভারত সরকার।

বুধবার জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫’-এ সংশোধনী এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংশোধনী অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা আফগান হিন্দু ও শিখদের দেশটিতে অবস্থান করতে হলে উপযুক্ত শ্রেণির ভিসা নিতে হবে।

ধর্মীয় নিপীড়ন কিংবা নিপীড়নের আশঙ্কায় আশ্রয় নিতে এসে যারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন অথবা যাদের ভ্রমণ নথির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

সংশোধনীতে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর জারি করা আগের একটি অব্যাহতির বিধান বহাল রাখা হয়েছে। ওই বিধানের আওতায় আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের সদস্যদের বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।

তবে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশের সুযোগ থাকলেও দেশটিতে অবস্থান অব্যাহত রাখতে তাদের উপযুক্ত শ্রেণির ভিসা নিতে হবে।

সূত্র : দ্য হিন্দু, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ