spot_img
spot_img

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতেও বাংলাদেশে অনেকে গায়ের জোরে ক্ষমতায় থেকেছে এবং বিভিন্ন সিদ্ধান্ত পাস করিয়েছে। কিন্তু সেসব সিদ্ধান্ত স্থায়ী হয়নি, তারাও ক্ষমতায় থাকতে পারেনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ইতিমধ্যে সারা দেশে জোটগত ও দলীয়ভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। সংসদে বিরোধী দলের পক্ষ থেকে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়েছে। কারণ, তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং এ বিষয়ে শপথ নিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশেও বিষয়টি উল্লেখ ছিল। অথচ বিএনপির সংসদ সদস্যরা এ শপথ না নিয়ে গণ-অভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি বলেন, বিএনপি গায়ের জোরে বেশিদিন এভাবে ক্ষমতায় থাকতে পারবে না। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

অতীতের উদাহরণ টেনে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে বাংলাদেশে অনেকেই ক্ষমতায় ছিল। অনেক সিদ্ধান্ত পাশ করিয়েও নিয়েছে। কিন্তু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি, ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় এভাবে থাকতে পারবে না। তাকে ক্ষমতায় থাকতে হলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ তাদেরকে বাস্তবায়ন করতে হবে।’

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা মরহুম বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস কীভাবে এত সহজে ভুলে যাচ্ছে তারা? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট হলেও এটি কোনো আদর্শিক জোট নয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে এককভাবে প্রার্থী দেবে এনসিপি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ