কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে দেশের একজন সাহসী সেনাসদস্যের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত কোনো সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি শহীদ সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় আহত ও উদ্ধারকৃত ব্যক্তিদের সুচিকিৎসা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, মানবপাচার একটি অত্যন্ত জঘন্য অপরাধ। একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি। তাই মানবপাচারের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের নেপথ্যে থাকা গডফাদারদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দেশের দুর্গম পাহাড়ি ও সীমান্ত এলাকাগুলোতে মানবপাচারকারী এবং সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ তৎপরতা চিরতরে বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর, কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে।
একই সঙ্গে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
বিবৃতির শেষাংশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমি আশা করি, বর্তমান সরকার মানবপাচার ও সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।











