বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রভাবশালী আলেম ও আওলাদে রাসূল (সা.) মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রোববার (৮ নভেম্বর) মাওলানা মাহমুদ মাদানীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামীম ও তার খলিফা মুফতী মোহাম্মদ আলী।
সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানী।
১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা সফর করবেন।
১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসায় যাবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসা সফরের পর ঢাকায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন।
সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তার নির্ধারিত সফরসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
মাওলানা মাহমুদ মাদানীর বাংলাদেশ সফরকে ঘিরে সংশ্লিষ্ট মাদ্রাসা, খানকাহ ও আয়োজকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন কর্মসূচিতে আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।











