ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
সোমবার (৯ নভেম্বর) করা এ আবেদনের তথ্য রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে জানা গেছে। ২০২৪ সালে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।
ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ আবেদনকে। প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসানের দুই বছরেরও বেশি সময় পর এই উদ্যোগ এমন এক দেশে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে, যেখানে তাঁর দল বর্তমানে নিষিদ্ধ। রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধবিষয়ক আদালত তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে লিখেছেন, “অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং “আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা” অনুসরণ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে অবস্থানরত প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
নিষিদ্ধ হওয়ার আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাঁর ক্ষমতাচ্যুতির পর দলটিকে নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো জনসংখ্যার একটি অংশের মধ্যে তার সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকার সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও তীব্র করে তুলতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতিতেও ভূমিকা রাখতে পারে। তাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে।
সূত্র : রয়টার্স











