spot_img
spot_img

শরিয়াহ ও প্রশাসনিক দায়িত্বের আলোকে জনগণের সেবা করতে হবে: মাওলানা হাক্কানী

উচ্চতর পদ-পদবি কিংবা বৈষয়িক সুবিধা লাভের উদ্দেশ্যে কর্মকর্তাদের দায়িত্ব পালন করা উচিত নয়। বরং শরিয়াহ ও প্রশাসনিক দায়িত্বের আলোকে জনগণের সেবা করতে হবে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দিন হাক্কানী।

রোববার (৮ নভেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ সফরকালে স্থানীয় সরকারি কর্মকর্তা ও গোত্রীয় প্রবীণদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মাওলানা হাক্কানী কর্মকর্তাদের বিদ্যমান ব্যবস্থা সুরক্ষা ও শক্তিশালী করার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অতীতের বিপ্লবের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেই সময়ে আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল দায়িত্ব পালনে ঘাটতি। তাই প্রত্যেক কর্মকর্তার উচিত নিজের পরিবারের দেখাশোনার মতোই নিজের দায়িত্বকে গুরুত্বপূর্ণ মনে করা। এ উপলব্ধি নিয়ে দায়িত্ব পালন করতে হবে যে, সরকারি কাজে যেকোনো ধরনের অবহেলা পুরো প্রশাসনিক কাঠামোর শক্তিকে প্রভাবিত করতে পারে।

তিনি আরও বলেন, জিহাদের সময় যে আন্তরিকতা, বিশুদ্ধ নিয়ত ও লক্ষ্য অর্জনের দৃঢ় অঙ্গীকার ছিল, বর্তমান ব্যবস্থার এই পর্যায়েও সেই চেতনা ধরে রাখতে হবে।

বৈষয়িক আকাঙ্ক্ষার বিষয়ে সতর্ক করে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষয়িক আকাঙ্ক্ষা একজন মানুষকে তার মূল পথ থেকে বিচ্যুত করতে পারে। একবার সেই পথ থেকে সরে গেলে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। তাই কর্মকর্তাদের নিজেদের মধ্যে অল্পে তুষ্টি ও স্বনির্ভরতার মনোভাব আরও দৃঢ় করতে হবে, যাতে আল্লাহ তাঁদের যা দান করেছেন, তাতেই বরকত দান করেন।”

বৈঠকে পাকতিকা প্রদেশের গভর্নর মোল্লা মেহরুল্লাহ হামাদ প্রদেশের প্রশাসনিক ও নিরাপত্তা পরিস্থিতি, জনসেবা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা এবং সার্বিক কার্যক্রমের ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় প্রাদেশিক পুলিশপ্রধান কারী আমিনুল্লাহ তাইয়্যেব নিরাপত্তা বজায় রাখা, জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা এবং নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় উন্নত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ