নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) আনুমানিক রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বার্ন ইনস্টিটিউটে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এ সময় তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা মাদ্রাসার পুরাতন ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মাকতাবা’ (পাঠাগার) ও ‘ইফতা’ বিভাগ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় কোটি টাকা মূল্যের অসংখ্য দুর্লভ ও মূল্যবান দ্বীনি কিতাব পুড়ে নষ্ট হয়েছে।
কিতাব ও অবকাঠামোর এ অপূরণীয় ক্ষতিকে শুধু বস্তুগত ক্ষতি নয়, বরং ‘ইলমে দ্বীনের এক অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করছেন স্থানীয় আলেম-ওলামারা।
হেফাজত মহাসচিব বলেন, মাদ্রাসার কিতাব ও ভবনের এই ক্ষয়ক্ষতি অত্যন্ত হৃদয়বিদারক। এটি গোটা দ্বীনি অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। মহান আল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এই কঠিন বিপদে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমিন।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম চলছে বলে তারা জানতে পেরেছেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ত্রাণবিষয়ক সম্পাদক ও তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, তাকওয়া ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মাহফুজ, মাওলানা খালেদ বিন সাজিদ, মাওলানা এহসান সিরাজসহ অন্যান্য আলেম-ওলামা।
পরিদর্শনকালে হেফাজতের ত্রাণবিষয়ক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব বলেন, আমরা সকাল থেকে বার্ন ইউনিটে অবস্থান করছি। সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছি এবং বিকালের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আহত ৭৭ জনের মধ্যে অধিকাংশই আশঙ্কামুক্ত। আমরা তাদের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে থাকব, ইনশাআল্লাহ।











