spot_img
spot_img

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খান

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। তার অভিযোগ, আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয় বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণে এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি লেখেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর রয়েছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে নাশকতার দায় সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে, এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে তারা ক্ষমতায় যেতে পারবে, এমন আশায় আওয়ামী লীগকে অগ্নিসন্ত্রাস চালিয়ে যেতে দিতে চায় তারা। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে তারা বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। তবে আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ