spot_img
spot_img

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রল বোমা নিক্ষেপ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ি।

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তিনি বলেন, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং মাহদি হাসানের চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

তবে মাহদি হাসানের পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং পুলিশের প্রাথমিক বক্তব্যে ভিন্নতা রয়েছে। আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও ঘটনাস্থলের আলামত পরীক্ষা করা জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ