ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির মাহমুদ হাসান আবু ইউনুস শহীদ হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত তাঁর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণ গাজ্জার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয়। রবিবার (১৫ নভেম্বর) সকালে হামাসও আবু ইউনুসের শাহাদাতের খবর জানায়। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, প্রায় দুই মাস আগে রাফাহ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পান আবু ইউনুস। গত ১৫ সেপ্টেম্বর ব্রিগেডটির তৎকালীন কমান্ডার নায়েল আবু ওবেইদ শহীদ হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন তিনি।
ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এর আগে রাফাহ ব্রিগেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবু ইউনুস। এসব পদের মধ্যে ছিল ব্রিগেডটির উপকমান্ডার এবং তাল আল-সুলতান ব্যাটালিয়নের কমান্ডার। তাঁকে হামাসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হিসেবেও উল্লেখ করেছে ইসরাইলি বাহিনী।
ইসরাইলি বাহিনীর অভিযোগ, রাফাহ বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকায় ব্রিগেডটির সদস্যরা পার্শ্ববর্তী খান ইউনিস এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন। সেখান থেকেই ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলা চালানোর নির্দেশ দিতেন আবু ইউনুস।
এ ছাড়া রাফাহ ব্রিগেড ও হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজেও তিনি যুক্ত ছিলেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানিয়েছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, হামলায় নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয় এবং আকাশপথে নজরদারি চালানো হয়।
এদিকে, আবু ইউনুসকে লক্ষ্য করে চালানো হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
হামলায় বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরাইল, আনাদোলু এজেন্সি











