spot_img
spot_img

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

ইসলামি আলোচক ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) আরও পাঁচ বছরের জন্য বেআইনি সংগঠন ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বহাল থাকবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইআরএফ দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত। এ ছাড়া সংগঠনটির কর্মকাণ্ড জনশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত করতে পারে।

২০১৬ সালের নভেম্বরে প্রথমবার আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করেছিল ভারত সরকার। পরে ২০২১ সালের নভেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনাল ২০১৭ ও ২০২২ সালে জারি করা আদেশে ওই ঘোষণাগুলো বহাল রাখে।

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর অন্যতম প্রধান কারণ হিসেবে আইআরএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য ও ভাষণের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। কেন্দ্রীয় সরকার তার বক্তব্যগুলোকে ‘আপত্তিকর ও ধ্বংসাত্মক’ হিসেবে বর্ণনা করেছে।

সরকারের অভিযোগ, এসব বক্তব্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়েছে। পাশাপাশি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত করতে পারে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের উদ্দেশে বক্তব্য দিয়েছেন জাকির নায়েক।

কেন্দ্রীয় সরকার সতর্ক করে বলেছে, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে সংগঠনটি পলাতক সদস্যদের পুনরায় সংগঠিত করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং ভারতবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে পারে। পাশাপাশি জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদকেও সমর্থন দিতে পারে।

১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ৩(১) ও ৩(৩) ধারা প্রয়োগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করেছে। আইনের ৪ ধারার অধীনে কোনো আদেশ জারি করা হলে তা সাপেক্ষে এ ঘোষণা পাঁচ বছর বহাল থাকবে। সর্বশেষ এ আদেশের মাধ্যমে ২০১৬ সাল থেকে কার্যকর থাকা নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হয়েছে।

সূত্র : মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ