spot_img
spot_img

পুনরায় হাসিনার বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার বিচার হয়ে যাওয়ার পর একই বিষয়ে পুনরায় বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে আপিলের বিধান রয়েছে। তবে পুনর্বিচারের কোনো সুযোগ নেই।

রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারত সরকারের পরামর্শ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, একটি দেশে বিচার হয়ে যাওয়ার পর একই বিষয়ে আবার বিচার করাকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আগে এ ধরনের বিচারের বিধান ছিল। তবে ভারত ও বাংলাদেশে সেই বিধান বাতিল করা হয়েছে। পাকিস্তানেও বর্তমানে এ ধরনের বিধান নেই।

তিনি বলেন, যে দেশে নিজেরাই এ ধরনের বিচারের চর্চা করে না, সেই দেশ অন্য একটি দেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। ভারত সরকার শুরু থেকেই এই মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানে। তাদের আশ্রয়ে শেখ হাসিনা রয়েছেন। তখন কেন তাঁকে বাংলাদেশে এসে বিচার মোকাবিলা করতে বলা হয়নি? অথবা নির্ধারিত সময়ে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি? বিচারের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আমিনুল ইসলাম বলেন, আপিলের বিধান সরকার, চিফ প্রসিকিউটর কিংবা ট্রাইব্যুনাল ইচ্ছা করলেই পরিবর্তন বা নতুন করে যুক্ত করতে পারে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে তারা এ আইনের অধীনে বিচারপ্রক্রিয়ার বিধিমালাও তৈরি করে। ২০২৪ সাল পর্যন্ত ওই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানেও সেই আইন অনুযায়ী বিচার চলছে। আপিলের যে বিধান আইনে রয়েছে, সেটিই কার্যকর। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা তাঁর নিজেরও তা দেওয়ার এখতিয়ার নেই।

ওয়াসিমসহ ছয়জন হত্যা মামলার বিচার বিলম্বের অভিযোগ

এদিকে চট্টগ্রামের ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলার বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগ তুলেছেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার নওফেল ও আজম নাসিরসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত শেষে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয়। সেটি পর্যালোচনা করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং গত ৩০ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আমিনুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের পরও বিভিন্ন আবেদনের কারণে চার মাস ধরে সাক্ষ্যগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। আসামিপক্ষ কখনো আইনজীবীর সঙ্গে দেখা করতে না দেওয়া, কখনো প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া, আবার কখনো বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে বিচারপ্রক্রিয়া স্থগিতের আবেদন করছে।

তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীদের প্রয়োজনীয় সব নথি সরবরাহ করা হয়েছে। এমনকি কোনো কাগজ হারিয়ে গেলে বা না পেলে তাঁর কার্যালয় থেকে নতুন করে সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। আসামিদের আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য আলাদা কক্ষ রয়েছে। সেখানে দরজা বন্ধ করে যেকোনো সময় নিজেদের মধ্যে কথা বলার সুযোগ রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ বিদেশি আইনজীবী চাইলেও বার কাউন্সিল আগেই সেই আবেদন নাকচ করেছে। অন্যদিকে, বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও এহসানুল হক সমাজীকে তারা নিয়োগ দিয়েছেন। এরপরও বিভিন্ন অজুহাতে মামলার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ফজলে করিম চৌধুরীর মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করতে ফ্রান্সের একজন মানবাধিকারকর্মী ও আইনজীবী হেলেন ট্রাইব্যুনালে এসেছেন। তিনি বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। তাঁকে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে।

জিয়াউল হাসানের বিষয়ে নতুন ভিডিও সাক্ষ্য আদালতে দাখিল

এদিন জিয়াউল হাসানের বিষয়ে অতিরিক্ত তথ্যপ্রমাণ আদালতে দাখিলের কথাও জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, নতুন পাওয়া একটি ভিডিও সাক্ষ্যে ৩৪ জন বিডিআর সদস্যকে তুলে নিয়ে হত্যা করার অভিযোগের কথা উঠে এসেছে। ওই সাক্ষী একজন সামরিক কর্মকর্তা। ভিডিওতে তিনি জানিয়েছেন, জিয়াউল হাসানের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁকে বলা হয়েছিল, জিয়ার ব্যাপারে কিছু করার নেই।

আমিনুল ইসলামের ভাষ্য, ওই বক্তব্য থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জিয়াউল হাসানের সরাসরি যোগাযোগ থাকার বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই ভিডিও ফুটেজ আদালতে দাখিলের অনুমতি পাওয়া গেছে এবং সেটি আদালতে উপস্থাপন করা হবে।

এ ছাড়া দেশে মানবতাবিরোধী অপরাধ, গুম ও হত্যাকাণ্ড বন্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গণশুনানি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সম্ভব হলে চলতি সপ্তাহেই যশোর থেকে পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু হবে। এ উদ্যোগে গণমাধ্যমের সহযোগিতাও চান চিফ প্রসিকিউটর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ