spot_img
spot_img

‘জীবিত ফিরে আসতে নাও পারি’, কারাগারে চিকিৎসা ও অধিকার নিয়ে বিচারপতিদের ইমরান খানের চিঠি 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তার চিকিৎসা ও কারাগারের পরিবেশসংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে দেশটির সর্বোচ্চ আদালতগুলোর প্রধান বিচারপতিদের হস্তক্ষেপ কামনা করেছেন। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তিনি সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এমন এক পর্যায়ে পৌঁছাতে পারেন, যেখান থেকে আর ‘জীবিত ফিরে আসা’ সম্ভব হবে না।

সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান তিনি।

ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদরের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়। সফদর জানান, ১১ নভেম্বর আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে তিন ঘণ্টার সাক্ষাতে ইমরান তাকে বিভিন্ন নির্দেশনা ও নোট দিয়েছিলেন। সেসব নির্দেশনার ভিত্তিতেই চিঠিটি লেখা হয়েছে। সফদর বলেন, চিঠির বক্তব্য ইমরানের নিজের।

চিঠিতে ইমরান লেখেন, চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। তার হৃদ্‌যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। ৭৪ বছর বয়সে দীর্ঘদিনের এ পরিস্থিতি তাকে এমন অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।

তিনি বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে লিখছি না, কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবেও লিখছি না। ক্রিকেট, জনকল্যাণমূলক কাজ ও জনসেবার মাধ্যমে নিজের জীবন পাকিস্তানের জন্য উৎসর্গ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইমরান জানান, দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ৭০ বছর বয়স পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি। কিন্তু ৭০ বছর অতিক্রমের পর তাকে ‘রাজনৈতিক প্রতিহিংসার এক নজিরবিহীন ও নির্মম অভিযানের’ মুখোমুখি হতে হয়েছে। এর মধ্যে রয়েছে অসংখ্য মামলা, আদালতে শতাধিক হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং একটি হত্যাচেষ্টা, যেখান থেকে তিনি প্রাণে বেঁচে যান।

এতগুলো মামলার মুখোমুখি হয়েও আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান ইমরান খান। তিনি বলেন, ‘আমি কখনোই চিকিৎসার কারণ দেখিয়ে কোনো প্রতিকার চাইনি, অসুস্থতাকে কৌশল হিসেবেও ব্যবহার করিনি।’

তার ভাষ্য অনুযায়ী, আদালত থেকে প্রতিকার পাওয়ার প্রতিবারই বিচারব্যবস্থার প্রতি তার আস্থা ফিরে এসেছিল। কিন্তু সংবিধান সংশোধনীগুলোর পর পরিস্থিতি বদলে যায়। এরপর প্রতিকার পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদিয়ালায় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে একের পর এক ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের আপিলগুলো এখনো বিচারাধীন রয়েছে।

একাকী বন্দিত্ব ও যোগাযোগে বিধিনিষেধের অভিযোগ

ইমরান বলেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর তোশাখানা মামলার রায় ঘোষণার দিন থেকে তার পরিস্থিতির পরিবর্তন ঘটে। সেদিন থেকে তাকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়। প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

চিঠিতে তিনি লেখেন, পরিবারের সদস্য, আইনজীবী ও ছেলেদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বই ও টেলিভিশনের সুবিধাও দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, এভাবে একজন বন্দির জন্য কারাবিধিতে নিশ্চিত করা সাংবিধানিক অধিকার ও সুযোগ-সুবিধা উপেক্ষা করা হচ্ছে।

চিঠিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে আদিয়ালা কারাগারে পাঠানোর পর তার আইনজীবী সাক্ষাতের সুযোগ পান। আদালত তাকে ‘অ্যামিকাস কিউরি’ বা আদালতের সহায়ক হিসেবে পাঠিয়েছিল। ওই সাক্ষাতে আইনজীবী দেখতে পান, ইমরানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। ইমরানের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে তার পরিবার বা আইনজীবী কাউকেই আগে জানানো হয়নি।

ইমরান খান জানান, পুরো বছরে তাকে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। তারিখগুলো হলো ১০ ফেব্রুয়ারি, ৮ এপ্রিল এবং প্রায় সাত মাসের বিরতির পর ২০২৬ সালের ২ ও ১১ নভেম্বর। তার স্ত্রী বুশরা বিবিকে এ বছর মাত্র একবার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইমরানের মতে, এসব বিধিনিষেধ কারা ম্যানুয়াল, কারাবিধি এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করার বন্দিদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। ফলে চলমান মামলাগুলোতে নিজেদের পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘদিনের নির্জন কারাবাস ও মানুষের সঙ্গে অর্থবহ যোগাযোগ না থাকায় তার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। কারাগারের নিজস্ব মেডিকেল বোর্ডও তার এ উদ্বেগ নথিভুক্ত করেছে। বোর্ড তাকে স্ত্রী ও পরিবারের সঙ্গে আরও ঘন ঘন যোগাযোগের পাশাপাশি পড়ার উপকরণ ও টেলিভিশনের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি বলে জানান তিনি।

বুশরা বিবির সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎকে ‘একমাত্র মানবিক যোগাযোগ’ উল্লেখ করে ইমরান বলেন, কারা কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা ছাড়াই বারবার তা বাতিল করেছে। তার তিন বোনকেও আটক রাখা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। তবে তাদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।

আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানকে বাবার সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ইমরান। তিনি আরও বলেন, কারাগারের কাউকেই আমাকে কোনো উত্তর দিতে বা আমার সঙ্গে কথা বলতে অনুমতি দেওয়া হয় না। আমি তাদের সালাম দিলেও নয়, পবিত্র কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করলেও নয়। ইমরান খানের ভাষ্য, এসব বিধিনিষেধের উদ্দেশ্য তাকে অসুস্থ করে ফেলা এবং তাঁর মনোবল ভেঙে দেওয়া।

বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে নিজের চেয়েও বেশি উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তিনি লেখেন, ২০২৬ সালের এপ্রিলে বুশরার চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। গোপনে তার জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়।

নভেম্বরের সাক্ষাতের কথা স্মরণ করে ইমরান বলেন, বুশরাকে দেখে তার মনে হয়েছে, তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার না করালে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন ইমরান।

বুশরার চিকিৎসার নথিপত্র গোপন রাখা হয়েছে এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে রয়েছে বলে জানান ইমরান খান। নারী বন্দিদের ক্ষেত্রে আইন সহানুভূতিশীল আচরণের সুযোগ দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ

নিজের স্বাস্থ্যের প্রসঙ্গে ইমরান খান ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া একটি আদেশের কথা উল্লেখ করেন। কারা কর্তৃপক্ষের প্রতিবেদন পর্যালোচনার পর তিন সদস্যের বেঞ্চ ওই আদেশ দিয়েছিল।

আদেশে দুই দিনের মধ্যে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, হৃদ্‌রোগ ও চক্ষু বিশেষজ্ঞসহ মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ ছিল। পাশাপাশি দুই ছেলের সঙ্গে সপ্তাহে দুইবার ফোনে কথা বলার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।

তবে সেই আদেশ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন ইমরান খান। তার মামলাটি এখনো শুনানির অপেক্ষায় ফেডারেল সাংবিধানিক আদালতের কার্যতালিকায় পড়ে রয়েছে বলেও জানান তিনি।

আল-কাদির মামলায় তার আপিলের শুনানিকে অগ্রাধিকার দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন ইমরান। তিনি বলেন, ‘এটা আমাকে গভীরভাবে ব্যথিত করে যে, আল-কাদির আপিলের শুনানি অগ্রাধিকার পাচ্ছে, অথচ আমার জীবন, অধিকার ও সুস্থতা অপেক্ষায় পড়ে রয়েছে।’

নির্জন কারাবাসে থাকার সময় তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চিঠিতে জানান ইমরান খান। প্রথমে রক্তচাপ ১৩০ থেকে ১৫০ এবং পরে ১৭০-এ ওঠে। এরপর ১০ নভেম্বর তা ১৯২ ও ১৯৩-এ পৌঁছায়। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। তার হৃদ্‌যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

ইমরান খান বলেন, কারা ম্যানুয়াল, কারাবিধি ও তার সাংবিধানিক অধিকার প্রকাশ্যে লঙ্ঘন করা হচ্ছে। একই সঙ্গে আদালতের আদেশগুলোও বাস্তবায়ন করা হচ্ছে না।

তিনি বলেন, ‘যাদের চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই, তারা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য আমি সারা জীবন হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি। আজ আমি শুধু এটুকুই চাই, আমার স্ত্রী ও আমাকে যেন চিকিৎসা দেওয়া হয়।’

চিঠির শেষাংশে ইমরান খান বলেন, বিচারপতিদের কাছে তিনি কোনো বিশেষ অনুগ্রহ চাইছেন না। শুধু সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

তিনি লেখেন, আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’ মানবিক সহানুভূতির জায়গা থেকে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাকে ন্যায়বিচার দেওয়ার জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানান তিনি।

ইমরান খানের চিকিৎসা নিয়ে আগের ঘটনাপ্রবাহ

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি গত ১৮ আগস্ট থেকে আলোচনায় রয়েছে। ওই দিন সুপ্রিম কোর্ট তাকে বিশেষায়িত চিকিৎসার জন্য আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। কিন্তু তাকে শিফার পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। পরে আদালতের আদেশ বাস্তবায়নে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে অভিযোগ করে আদালত অবমাননার আবেদন করে পিটিআই।

জানুয়ারির শেষ দিকে চোখের একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার জন্য প্রথমবার ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। এর পাঁচ দিন পর তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পিআইএমএসের চিকিৎসকেরা তার চোখ পরীক্ষা করেছেন। ইমরানের লিখিত সম্মতি নিয়ে প্রায় ২০ মিনিট ধরে চিকিৎসা প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। পরে পিআইএমএস নিশ্চিত করে, ডান চোখের কেন্দ্রীয় রেটিনাল শিরা বন্ধ হয়ে যাওয়ার চিকিৎসায় ইমরান খানকে অ্যান্টি-ভিইজিএফ ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়েছিল।

ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যারিস্টার সালমান সফদরের তৈরি করা এক প্রতিবেদনে বলা হয়, ইমরান কর্মকর্তাদের জানিয়েছিলেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ কার্যকর রয়েছে। প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট তাকে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়।

পরবর্তী সময়ে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা একটি মেডিকেল বোর্ড তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে বলে জানায় এবং তাকে হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেনি। মেডিকেল প্রতিবেদনে বলা হয়, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে বেড়ে ৬/৯ হয়েছে। অন্যদিকে চশমা ব্যবহার করলে বাম চোখের দৃষ্টিশক্তি ছিল ৬/৬। আদিয়ালা কারাগারে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ডা. নাদিম কুরেশি ও ডা. আরিফের সমন্বয়ে গঠিত বোর্ড এ মূল্যায়ন করে।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও ডান চোখে ব্যথার অভিযোগ করার পর মার্চে আদিয়ালা কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করান। পিআইএমএসের চক্ষু বিভাগের প্রধান ডা. মুহাম্মদ আরিফ খান তাকে পরীক্ষা করেন। চিকিৎসা প্রতিবেদনে বলা হয়, তার ডান চোখে ঝাপসা দেখা ও কালো দাগ দেখার সমস্যা ছিল। এ ছাড়া অন্ধকারে আলোর ঝলকানি দেখা এবং মাথাব্যথায় ভোগার কথাও তিনি জানান।

পরীক্ষায় বুশরা বিবির ডান চোখে পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট (পিভিডি) শনাক্ত হয়। প্রতিবেদনে মায়োপিয়া ও অ্যাস্টিগম্যাটিজমের কথাও উল্লেখ করা হয়। তাকে চোখের ড্রপ ও ওষুধ ব্যবহারের পাশাপাশি চশমা পরার পরামর্শ দেওয়া হয়। চার সপ্তাহ পর আবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শও দেওয়া হয়েছিল। এরপর ১৬ এপ্রিল সন্ধ্যায় বুশরা বিবির চোখে অস্ত্রোপচার করা হয়।

ইমরান ও বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর তোশাখানা-২ মামলায় তাদের ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সৌদি আরবে সরকারি সফরের সময় সৌদি যুবরাজের উপহার দেওয়া বুলগারি ব্র্যান্ডের একটি গয়নার সেট অবৈধভাবে নিজেদের কাছে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।

এ ছাড়া ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় দণ্ড ভোগ করতে ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান কারাগারে রয়েছেন। ২০২৩ সালের ৯ মে বিক্ষোভের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ