দেশের সকল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি উপজেলা হাসপাতালে আরও ১০০টি করে নতুন শয্যা সংযুক্ত করার এ সিদ্ধান্ত আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দরপত্র প্রক্রিয়ায় যাবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ৩০০ আসনের সংসদ সদস্যদের উদ্দেশে এ সুখবর জানান প্রধানমন্ত্রী।
সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উত্থাপিত স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু ঢাকা-৪ আসনের বিষয় নয়, বরং সমগ্র বাংলাদেশের ৩০০ আসনের সকল সংসদ সদস্যের উদ্দেশ্যেই তিনি এ সুখবরটি দিতে চান।
উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে প্রায় প্রতিটি উপজেলায় যে ৫০ শয্যার হাসপাতাল রয়েছে, তার প্রথম ৩০ শয্যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সেই ৩০ শয্যার সঙ্গে আরও ২০ শয্যা যুক্ত করে হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন।
তিনি বলেন, বর্তমান ৫০ শয্যার হাসপাতালগুলোর পুরো কাঠামোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন বাস্তবায়ন করা হয়েছিল।
বিগত সরকারের সমালোচনা করে সংসদ নেতা বলেন, পলাতক স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে পরিচালিত করা হয়েছিল যাতে মানুষ একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়। অথচ দেশের ভেতরে মানসম্মত স্বাস্থ্যসেবা গড়ে তোলা হয়নি।
সরকারি হাসপাতালগুলোতে শয্যার অভাবে প্রায় ৪০ লাখ মানুষ বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন বলে একটি পরিসংখ্যানের তথ্য উল্লেখ করে তিনি একে অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর বলে অভিহিত করেন।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক মাসে সরকার সারা দেশের স্বাস্থ্যসেবায় প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করতে সক্ষম হয়েছে।
আগামী পাঁচ বছরে দেশের সকল উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় রূপান্তরিত করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসাসেবা সংকট নিরসন হবে বলে সংসদে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।











