চট্টগ্রামে এবার দিনে দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যান। প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ জানায়, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাবার শেষে ফিরে এসে দেখেন গাড়িটি নেই।
পুলিশ আরও জানায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে গেছেন। চোরকে গ্রেফতার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।











