দুই বছর ধরে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর পর ২০২৫ সালের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো হামাসের নিয়ন্ত্রণাধীন মধ্য গাজ্জায় স্থল অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরাইলি ট্যাংক মোতায়েন দেখা গেছে। এ হামলার মুখে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন ফিলিস্তিনি বাসিন্দারা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজ্জার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরাইলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তাদের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত যৌথভাবে মধ্য গাজ্জায় স্থল হামলা শুরু করেছে।
ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, হলুদ রেখার পশ্চিমে অবস্থিত হামাসের একটি সুড়ঙ্গ ধ্বংস করাই এ হামলার লক্ষ্য। তাদের দাবি, সুড়ঙ্গটি ইসরাইলি সেনাদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিল।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজ্জায় ‘হলুদ রেখা’ ঘোষণা করে ইসরাইল। এ রেখা ইসরাইলি বাহিনী ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোকে আলাদা করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, বর্তমানে ফিলিস্তিনের এ ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গাজ্জার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। এ ছাড়া মধ্য গাজ্জায় ইসরাইলি সামরিক যান দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে।
আক্রান্ত এলাকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাঁদের অনেকেই এর আগেও একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।
গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বুধবার ইসরাইলি ড্রোন থেকে চালানো তিনটি পৃথক হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একজন, গাজ্জা সিটিতে একজন এবং মধ্য গাজ্জার দেইর আল-বালাহ পুলিশ স্টেশনের বাইরে একজন রয়েছেন।
তবে এই তিন হামলার সঙ্গে স্থল হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এএফপিকে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী জানিয়েছে, প্রথম দুটি হামলায় তারা ‘হামাসকে’ লক্ষ্যবস্তু করেছিল। তৃতীয় হামলার বিষয়ে তাদের জানা নেই বলে জানিয়েছে বাহিনীটি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের পর গাজ্জায় যুদ্ধ শুরু হয়। এরপর থেকে উপত্যকার ২১ লাখ বাসিন্দার অধিকাংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন।
আল-বুরেইজ শরণার্থী শিবিরের বাসিন্দা উম আহমাদ আল-তারতুরি এএফপিকে বলেন, ‘গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বিশেষ করে আমরা যেখানে থাকি, তা অনুপ্রবেশের স্থানগুলোর খুব কাছেই।’
একই শরণার্থী শিবিরের ২৭ বছর বয়সী আরেক বাসিন্দা মাহমুদ আল-সাফিন বলেন, ‘আমাদের আশঙ্কা, এটি হয়তো আরও বড় কোনো হামলার শুরু এবং আবারও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনা ঘটতে পারে। অথচ আগের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ধকল থেকেই আমরা এখনো পুরোপুরি সেরে উঠতে পারিনি।’
এদিকে, ইসরাইলে নির্বাচনের ফলাফল অনিশ্চিত থাকার মধ্যে এ স্থল হামলার ঘটনা ঘটল। বিরোধী নেতা গাদি আইজেনকোট অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনের চেষ্টা করছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত গাজ্জায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার নেতৃত্বে ছিলেন নেতানিয়াহু।
বুধবার সন্ধ্যায় ইসরাইলি সন্ত্রাসি বাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানান, মধ্য গাজ্জায় স্থল হামলা তখনো চলছিল।
অন্যদিকে, হামাস এ স্থল হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির অভিযোগ, এর মাধ্যমে দখলদার ইসরাইল যুদ্ধবিরতির শর্ত ও প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার বিষয়টি আবারও স্পষ্ট করেছে। তবে ইসরাইলি সন্ত্রাসি বাহিনীর দাবি, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই তারা এ হামলা চালাচ্ছে।
সূত্র: এএফপি, রয়টার্স, আনাদোলু এজেন্সি











