একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে দেওয়া ওই রায়কে লজ্জাজনক উল্লেখ করে তিনি একে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সময় মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তাঁরা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চারজনের বিরুদ্ধে তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তাঁর বয়স ১৩ বছর ছিল বলে বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।











