পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ আ’ লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র কায়েমের জন্য যারা চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
তিনি বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাঁদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।











