পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও বিশ্ববরেণ্য ফকিহ এবং মুহাদ্দিস শাইখুল হাদীস মুফতী মুহাম্মদ তাকি উসমানীর এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ। তিনি বাংলাদেশে মুফতী তাকি উসমানীর সফরের কর্মসূচি পরিচালনার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।
পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতী তাকি উসমানীকে এ তথ্য জানানো হলে তিনি বিশ্ব ইসলামী ফিকহ একাডেমির (ওআইসি) সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মুফতী তাকি উসমানির ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ অবস্থায় সরকার চাইলে এখনো তার বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী শাহজালাল আল হাবিবী, মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারী।











