spot_img
spot_img

রাজনৈতিক সংকট কাটাতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: সেলিম উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। এটি ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তর জামায়াত কার্যালয়ে গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর মো. জিল্লুর রহমান।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন।

তিনি বলেন, আমরা এই সরকারকে বলব, মুখে ঐক্যের কথা নয়, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করুন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন দায়িত্বশীলদের নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুযোগ মানুষকে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ জন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তাঁর সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা জরুরি।

তিনি আরও বলেন, দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। সংসদ সদস্য, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা, কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক হলে চলবে না। তাদের সংগঠনের কর্মীদের খোঁজখবর নিতে হবে, পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে।

এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠন ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ