আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধ কূটনীতির মাধ্যমে শেষ করা সম্ভব বলে তেহরান এখনো আশা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চায়। তবে তাদের প্রস্তাবিত চুক্তি তার কাছে গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্রীয় সংবাদপত্র ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান চলছে। তেহরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা দেবে। বিষয়টি রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।
তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আলোচনার বিষয়ে ওয়াশিংটন আন্তরিক কি না, তা নিশ্চিত হতে চায় ইরান। এ ছাড়া আস্থা তৈরির পদক্ষেপগুলোর ধরন ও প্রকৃতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছে তেহরান।
মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা, নৌপরিবহন ব্যাহত করা, বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ানো এবং এ অঞ্চলের বিভিন্ন দেশকে সংঘাতে জড়িয়ে ফেলা যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার মধ্যেই এসব বক্তব্য এসেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের ভেতরেই রাখতে হবে। তবে এ বিষয়ে এখনো একটি ‘ন্যায্য সমাধান’ সম্ভব বলে মনে করেন তিনি।
এর আগে ইরান ও ওয়াশিংটনের মধ্যে এ বিরোধ নিরসনে কর্তৃপক্ষ ‘বাস্তবসম্মত বিভিন্ন প্রস্তাবের’ কথা উল্লেখ করেছে। এসব প্রস্তাবের মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে কম সমৃদ্ধ করার বিষয়টিও রয়েছে।
আইএইএ-এর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইল ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। ওই মজুতের কতটুকু এখনো অবশিষ্ট রয়েছে, তা স্পষ্ট নয়।
আরাঘচি বলেন, আমি বিশ্বাস করি, পারমাণবিক উপাদানের বিষয়টি নিয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব। এমন সমাধান আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে হবে এবং একই সঙ্গে দেশের প্রয়োজনও পূরণ করবে।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু এমন কোনো চুক্তি করতে চায় না, যা আমার কাছে গ্রহণযোগ্য।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইল ইরানে হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশে হামলা চালায়।
এদিকে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে দুই পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় সাধন এবং মাঠপর্যায়ে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যে।
সূত্র : আরিয়ানা নিউজ











