বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে ইরান। শিল্পকারখানাটিতে হামলার পর আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে আমেরিকার সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে তারা।
শনিবার (২১ নভেম্বর) বাহরাইনে এসব হামলার ঘটনা ঘটে। দেশটিতে আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। তবে কারখানাটির অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। তবে হামলার শিকার শিল্পকারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হয়। এরপর আবারও সতর্কবার্তা জারি করা হয়।
এদিকে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় আমেরিকার ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
গত কয়েক দিনেও ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন।
এদিকে শনিবার ভোরে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার পথে দুটি তেলবাহী ট্যাংকার পৃথকভাবে হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সংস্থাটির পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়।
পরে ইরানের সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করে একটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে আমেরিকার সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছিল, গুরুত্বপূর্ণ নৌপথগুলো থেকে তারা সব মাইন অপসারণ করেছে।
এদিকে সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। গত এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর বড় ধরনের সামরিক হামলা অনেকটা বন্ধ হলেও সংঘাত পুরোপুরি থামেনি।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, বড় পরিসরে সামরিক হামলা আবার শুরু হলে তা জানুয়ারির আগে হবে না।
সূত্র: রয়টার্স, এএফপি, ইরনা, ইউকেএমটিও











