spot_img
spot_img

ঢাকায় ২৫তম “ইক্বরা” আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৪ ডিসেম্বর।

আগামী ৪ ডিসেম্বর ২০২৬, শুক্রবার বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৫তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)-এর উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ বছর “ইক্বরা” সংস্থা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব জনাব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব এজাজ আহমেদ।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত জনাব সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

এবারের সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারীগণ অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে রয়েছেন মিসরের ক্বারী ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র সভাপতি, বিশ্বখ্যাত ক্বারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ