spot_img
spot_img

দেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার ও বিচার করতে আদালতে যাবে দুদক

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে আদালতের শরণাপন্ন হবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর স্বেচ্ছায় দেশে না ফিরলে তাকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান দুদক সচিব সাইদুর রহমান খান।

তিনি বলেন, আমরা যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছি, তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে তাকে আনার যে উদ্যোগ, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সেই প্রক্রিয়া অবলম্বন করব।

ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়ে দুদক সচিব বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি, তাকে গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইন্টারপোলের সহায়তা প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হবে। এ ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণসহ আদালতের কাছে আবেদন করা হবে। আদালত আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

দুদক সূত্র জানায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে এবং সাতটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার রায় হয়েছে।

এসব মামলায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ