spot_img
spot_img

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাভেদ দিদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। পুলিশে দেওয়ার আগে আটক ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নয়ন ও তাঁর অনুসারীরা পল্টন এলাকা থেকে জাভেদ দিদারকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন রাতে ঘটনার একটি ভিডিও রবিউল ইসলাম নয়ন তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।

৫ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। আটকের পর তার পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এরপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় তার সঙ্গে থাকা একজন নয়নের দিকে একটি ডিম এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালেও পরে নয়ন বলেন, আপনিও খান, আমিও খাই। এরপর তিনি ডিমটি মুখে দেন। পরে নয়নও একটি ডিম খান। এভাবে আটক ওই নেতাকে দুটি ডিম খাওয়ানো হয়। ডিম খাওয়া শেষ হলে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন নয়ন।

ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন ওই ব্যক্তি। নয়ন বলেন, তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেন।

ভিডিওতে নয়নকে আরও বলতে শোনা যায়, ইনশাআল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’ এরপর নেতা-কর্মীরা কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর স্লোগান দিতে থাকেন।

পরে আটক আওয়ামী লীগ নেতাকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাকে চেয়ারে বসিয়ে কফি খাওয়ান এবং মুখে তুলে দেন। এ সময় আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতারা কী ধরনের আচরণ করতেন, তা তুলে ধরেন নয়ন। ওই সময় তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন বলেও ভিডিওতে উল্লেখ করেন।

ভিডিওর শেষদিকে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জাভেদ দিদারের মুঠোফোন তাঁদের কাছে বুঝিয়ে দেন তিনি। এরপর কফিশপ থেকে বের করে আটক ওই নেতাকে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশ তাঁকে নিয়ে যায়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ