spot_img
spot_img

নিষিদ্ধ আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে কাজ হবে না: শামসুজ্জামান দুদু

নিষিদ্ধ আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী কবিতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব রাজনৈতিক দল, কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের এক কাতারে দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা যাতে বিপন্ন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘যে দেশের সাহিত্যিক, কবি, লেখক রাস্তায় নেমে আসেন, সেখানে আর ষড়যন্ত্র ঠাঁই পায় না, টিকে থাকতে পারে না। আজ আপনারা নিজেদের সাধনা ও সময়কে দেশের মর্যাদার ঊর্ধ্বে না নিয়ে দেশকে বুকে টেনে নিয়েছেন। এখন পার্শ্ববর্তী দেশ কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগ যত ষড়যন্ত্রই করুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।’

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এবং বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বিশ্ববাসী ওই নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি আইনের আওতায় এনে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী মানুষের নিরাপত্তা বিনষ্ট করতে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আক্রমণ চালাচ্ছে এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে বিপন্ন করার অপচেষ্টা করছে।

দুদু বলেন, বাংলাদেশকে নিয়মকানুন ও শৃঙ্খলার মধ্যে আনা গেলে দেশটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। গত ৫৫ বছর ধরে তারা এ লড়াই করছেন। গণতন্ত্র ও স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য নিরলসভাবে সংগ্রাম করেছেন। তাঁদের পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, যারা অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সীমান্তের ওপারে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের অপচেষ্টা সফল হবে না। শেখ হাসিনার শাসনামলে হত্যাকাণ্ডের পাশাপাশি দেশের সম্পদ ও অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আপনারা দেখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট একজন শাসক যেভাবে পালিয়ে গেছেন, বাংলাদেশে তো নয়ই, বিশ্বেও এমন কাপুরুষতার দৃষ্টান্ত বিরল। তিনি শুধু মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডই ঘটাননি, দেশের শত শত কোটি টাকার সম্পদ ও অর্থ বিদেশে পাচার করেছেন। তিনি নিজে, তাঁর বোন শেখ রেহানা এবং পরিবারের অন্য সদস্যরাও এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমান সরকার পাচার হওয়া সেই সম্পদ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগের প্রশংসা করে দুদু বলেন, কবিতা পাঠের মধ্য দিয়ে কবি-সাহিত্যিকেরা যে প্রতিবাদ জানিয়েছেন, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে একটি শক্তিশালী বার্তা। এ জন্য আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি, শিক্ষাবিদ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রনো ও কবি সাজেদা হেলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ