spot_img
spot_img

১৬ ডিসেম্বর তারা নাকি ঢাকা দখল করবে, আমরা কি চুড়ি পরে বসে থাকব: রিজভী

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। এ সময় ১৬ ডিসেম্বর ঢাকা দখলের হুমকির প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের সরকারকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৬ ডিসেম্বর তারা নাকি ঢাকা দখল করবে আর আমরা চুড়ি পরে বসে থাকব? আমরা ঘুমিয়ে থাকব না। আমরা চকলেট চুষব আর আপনারা ঢাকা দখল করতে আসবেন?

পশ্চিমবঙ্গের সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এমনভাবে মদদ দেবেন না যাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান সুসম্পর্ক বিনষ্ট হয়। ‘আপনাদের মন্ত্রী কীভাবে বলতে পারেন, ১৬ ডিসেম্বর তারা ঢাকা দখল করবেন আর আমরা চুড়ি পরে বসে থাকব?’ প্রশ্ন তোলেন তিনি।

রিজভী আরও বলেন, আপনাদের যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের ইতিহাস নেই। আমাদের যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের ইতিহাস আছে। আমরা জানি, খাল-বিল, ধানখেত ও পাটখেত থেকে কীভাবে গেরিলা আক্রমণ করতে হয়। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ সেই ইতিহাসের সাক্ষ্য দিয়ে গেছে।

তিনি বলেন, আপনারা দিবাস্বপ্ন দেখেন। ১৮ কোটি মানুষের এই দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা রক্ষায় মানুষ আবারও রক্ত দিতে প্রস্তুত। আমাদের এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না।

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মসূচিতে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্যসচিব জাকির হোসেন রোকন। এতে জাসাস, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ