পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মক্কায় স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্টে অনুমোদিত চুক্তিটির অনুসমর্থন প্রক্রিয়া সম্পন্ন হলো।
ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসী যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় গত আগস্টে মক্কায় তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি নিয়ে আলোচনা করতে দেশ তিনটির প্রতিনিধিদের শুক্রবার ও শনিবার ইসলামাবাদে বৈঠকে বসার কথা রয়েছে।
গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। এর ফলে ইয়েমেনের ইরানপন্থী হুথি যোদ্ধাদের সৌদি আরবের ওপর হামলার প্রেক্ষাপটে রিয়াদকে সামরিক সহায়তা পাঠানোর পথ উন্মুক্ত হয় আঙ্কারার। চুক্তি অনুযায়ী, কোনো একটি পক্ষের ওপর হামলাকে সব পক্ষের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
গত মাসে তুরস্কের ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, এই চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি চেয়ে তুরস্ক পার্লামেন্টে একটি প্রস্তাবও পেশ করবে।
তুরস্কের সামরিক বাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরব ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল এবং বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। অন্যদিকে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ।
সূত্র : আরিয়ানা নিউজ, রয়টার্স











