নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহিদদের স্মরণে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধ আ.লীগ। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে বিএনপির এক নেত্রীর বাড়ির সামনে দোকানে ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনার পর এবার জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরানোর পরপরই তাকে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন পুলিশ সদস্যরা।
এর আগে নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় লকডাউন কর্মসূচি সফল করতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।











